আফগানিস্তানে একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কিছু লোক। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে একটি মসজিদে স্থলমাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
আফগান সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে জানিয়েছে, বিস্ফোরণে নিহতদের মধ্যে ২৪ জন তালিবান এবং ৬ জন তাদের বিদেশি সহচর রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, উজবেকিস্তান সীমান্তের কাছে দৌলতাবাদ জেলার কিলতান গ্রামের ওই মসজিদটিতে তালিবান যোদ্ধারা স্থলমাইন হামলার প্রশিক্ষণ দিচ্ছিল। এ সময় অসাবধানতা বশত ওই বিস্ফোরণটি ঘটে।
যদিও তালিবান নেতারা সেনাবাহিনীর দাবিটি পুরোপুরি অস্বীকার করেছেন। তারা বলছেন, মাত্র একটি কক্ষে ওই বিস্ফোরণ ঘটে। যদিও এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।